কেরানীগঞ্জে অবৈধ ব্যানার–ফেস্টুন অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান

কেরানীগঞ্জে অবৈধ ব্যানার–ফেস্টুন অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান

সংগ্রহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও নির্ধারিত সময়ে প্রচারসামগ্রী অপসারণ না করার কারণে কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে নেমেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা, কদমতলী, চুনকুটিয়া, কলাতিয়া, আটিবাজার  ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, আগেই রাজনৈতিক দল ও প্রার্থীদের এসব প্রচারসামগ্রী সরানোর জন্য সতর্ক করা হয়েছিল। তবে এখনো এমপি পদপ্রার্থীদের ছবি সংবলিত বহু ব্যানার ও পোস্টার ঝুলছিল।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেন র‌্যাব-১০, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিধি লঙ্ঘন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, প্রার্থী, কর্মী ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।