জনগণই দেশের প্রকৃত মালিক : খাদ্য উপদেষ্টা

জনগণই দেশের প্রকৃত মালিক : খাদ্য উপদেষ্টা

সংগ্রহীত ছবি

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনায় ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর শহিদ হাদিস পার্কে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 

উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনস্বীকার্য। প্রচলিত ধারার বাইরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য তিনি জনগণকে আহ্বান জানান।

 

 

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহম্মদ রাশিদুল ইসলাম খান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল।

এ ছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জনসচেতনতামূলক সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।