ভোটে কারচুপির সুযোগ দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ভোটে কারচুপির সুযোগ দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

সংগ্রহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে।

প্রথমত- ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্বিতীয়ত- ভোট সঠিকভাবে গণনা করা এবং তৃতীয়ত- প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। সরকার ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উৎসাহিত করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণই। আগামীর নির্বাচনে কোনো  ধরনের অনিয়ম বা কারচুপি বরদাস্ত করা হবে না।

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, জনগণকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ব্যক্তিগত মত বা পছন্দ থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই ভোটের মাঠে প্রভাব না ফেলে- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’