মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিকি ছবি \

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীর ডুবার চর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম জয় চক্রবর্তী (৩৩)। তিনি কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার স্বদেশ চক্রবর্তীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে মেঘনা নদীর ডুবার চর এলাকায় লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় লাশটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। ধারণা করা হচ্ছে- কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছিল। পরে থানায় খবর দিলে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এদিকে নিহতের বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পরিবারের সঙ্গে সামান্য মতবিরোধের পর গত ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় বাড়িতে মোবাইল রেখে বের হয়ে যান জয়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৭ জানুয়ারি কুমিল্লা কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করি আমরা। এদিকে আজকে বেলা সাড়ে ১১টায় আমরা পুলিশের মাধ্যমে জয়ের লাশের ব্যাপারে জানতে পারি।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে নাম দেওয়া আছে জয় চক্রবর্তী। আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।