শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ
সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ। পরিচালনা করেন সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু। প্রধান অতিথির বক্তৃতা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, সামনে জাতীয় নির্বাচন। বিএনপি ভালোভাবেই জানে, ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্রদল পরাজিত হলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে। এ লজ্জাজনক পরাজয় এড়াতেই তারা শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির মাঠে নেমেছে এবং শাকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় আরও বক্তৃতা করেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সিলেট মহানগর ও সিলেট জেলার বিভিন্ন স্তরের নেতাসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।