বিশ্বকাপের দুই ফাইনালিস্টের নাম জানালেন ক্লার্ক

বিশ্বকাপের দুই ফাইনালিস্টের নাম জানালেন ক্লার্ক

সংগ্রহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, এবারের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া।

এক পডকাস্ট সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, সাম্প্রতিক সময়ে দুই দলই সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছে। সে কারণেই তিনি এই দুই দলকে ফাইনালের জন্য এগিয়ে রেখেছেন।

গ্রুপ পর্বে স্বাগতিক ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়া গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে লড়বে।

ভারত ইতোমধ্যেই দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে।

২০০৭ সালে প্রথম শিরোপা জয়ের পর সর্বশেষ ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল। ফলে এবার ঘরের মাঠে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারতের সামনে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে—২০২১ সালে। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী থাকবে অস্ট্রেলিয়ান শিবির।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ।

এই ম্যাচ প্রসঙ্গে মাইকেল ক্লার্ক বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে ভারতই এগিয়ে রয়েছে। তার মতে, বড় ম্যাচের চাপ সামলাতে না পারাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

ক্লার্ক বলেন, ‘দীর্ঘ সময় ধরেই ভারত পাকিস্তানের বিপক্ষে আধিপত্য দেখিয়ে আসছে।

পাকিস্তানকে জিততে হলে এই ম্যাচের মানসিক চাপ আরো ভালোভাবে সামলাতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ছয়টি ম্যাচ, পাকিস্তান জিতেছে মাত্র একটি, আর একটি ম্যাচ টাই হয়েছে।