উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু

প্রতিকি ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করে।

ঘটনাটি ঘটে গত বুধবার বেলা ১১টার দিকে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের টিটামারপাড় এলাকায়। নিহত খায়রুল হক (৬৫) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত আনিছুর রহমান (৪৮) তার ভাগিনা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে আনিছুর রহমান তার মামা খায়রুল হকের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম তাৎক্ষণিক নির্দেশ দেন। এরপর উলিপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনিছুর রহমান (৪৮)-কে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উলিপুর থানা পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।