শনিবার থেকে কাজে যোগ দেবেন রমেক হাসপাতালের চিকিৎসকরা
সংগৃহীত ছবি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হোসাইন (২০) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার চাপারহাট এলাকার হাফেজ আশরাফুল ইসলামের ছেলে।
তবে শনিবার থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেবেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জানান, হঠাৎ করে চিকিৎসকদের কর্মবিরতির কারণে তারা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় কোনো চিকিৎসাসেবা পাচ্ছেন না।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ বলেন, রোগীর অপারেশনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অপারেশন থিয়েটারে সার্জারিরত অবস্থানকালীন মিড লেভেলের চিকিৎসক, আবাসিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনরা হামলা চালায়। এ সময় হাসপাতালের অপারেশনের কার্যক্রম বিঘ্নিত হওয়াসহ চিকিৎসকরা আহত হন। এ ঘটনার পর থেকে চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে কর্মবিরতি পালন করা হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা শনিবার থেকে কাজে যোগ দেবেন বলে বলেছেন। ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে।