নওগাঁয় পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।। ছবিঃ সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে পুলিশের ছদ্মবেশী অভিযানে দেড় কেজির বেশি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মহাদেবপুর থানার খাজুর ইউনিয়নের জয়পুর বালুকাপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছাতুনতলী–জয়পুর ডাঙ্গাপাড়া সড়কে দুইজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা লুঙ্গি পরে ছদ্মবেশে এবং পোশাকধারী পুলিশের সহায়তায় অভিযান চালায়। অভিযানে জয়পুর বালুকাপাড়া গ্রামের মোঃ আব্দুল করিম (৩৬)-কে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে নিজ বাড়ির উত্তর পাশে খলিয়ানে খড়ের স্তুপের ভেতর থেকে আরও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ নিয়ে উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ দাঁড়ায় ১ কেজি ২৫০ গ্রাম।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া মাদক কারবারির নাম মোঃ রওশন আলী (৫৫)। তার বিরুদ্ধে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এই অপরাধ শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। ছদ্মবেশী অভিযানসহ সব ধরনের কৌশল প্রয়োগ করে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে। জনসাধারণের সহযোগিতা থাকলে নওগাঁ জেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।