কুমারখালীতে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ, আটক তিন
প্রতিকি ছবি
কুষ্টিয়ার কুমারখালীতে দুর্বৃত্তদের হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আকাশ হোসেন (৩০)। তিনি সদকী ইউনিয়নের চর আগ্রাকুণ্ডা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক।
এদিকে, একই রাতে সাড়ে ১২টার দিকে যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকায় ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক নেতা মানিয়ার মোল্লার বাড়ির গেটে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ দুই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করে পুলিশ।
মানিয়ার মোল্লার স্ত্রী রেনু খাতুন অভিযোগ করেন, ‘বালুঘাটে আমাদের শেয়ার রয়েছে। কিন্তু বর্তমানে অন্যরা সেখানে বালু তুলছে। সন্ধ্যায় আমার স্বামী ও তার লোকজন বালুর গাড়ি চলাচল বন্ধ করে দেন। এর জের ধরেই গভীর রাতে পাঁচটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাড়ির গেটে গুলি ছোড়ে।’
আহত আকাশের প্রতিবেশী সুজন আলী বলেন, ‘রাতে আমরা কয়েকজন লালনবাজারে চা খেতে গিয়েছিলাম। এ সময় হঠাৎ একটি বালুর গাড়িতে কয়েকজন এসে আকাশের বাঁ পায়ের মাজার নিচে গুলি করে পালিয়ে যায়। কাউকে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, বালুর গাড়ি থামানোর ঘটনাকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে।’
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, আকাশ বর্তমানে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার মাজার নিচে গুলির ক্ষত রয়েছে। অবস্থার উন্নতি হলেও তিনি এখনও আশঙ্কামুক্ত নন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।