রাঙ্গামাটিতে গলায় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
রাঙামাটিতে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আর্দশী তংঞ্চঙ্গ্যা (৫) এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার রাতে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তংঞ্চঙ্গ্যার পাঁচ বছর বয়সের মেয়ে আদর্শী তংঞ্চঙ্গ্যা ঘরে খেলছিল।
এসময় তার বাবা মা জুম খেতে কাজ করছিল।
ঘরে একা শিশুটি প্রতিদিনের মতো গামছা দিয়ে দোলনা তৈরি করে খেলছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ গলায় গামছা পেঁচে যায়। গামছটা টানাটানি করে খুলতে চাইলে গলায় ফাঁস লেগে যায়। এসময় শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানান, রাতে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলায় ফাঁস লাগার কারণে মৃত্যু হয়েছে।
দীর্ঘ সময় শ্বাস নিতে না পাড়ার কারণে হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে কাপ্তাই থানার পুলিশ।
রাঙামাটি কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত কার্যক্রম চলছে। তবে থানায় এখনো কোন অভিযোগ দাখিল হয়নি।