আমি ঋণখেলাপী নই,ঋণগ্রহীতা: সরওয়ার আলমগীর
সংগৃহীত ছবি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে ঋণখেলাপী হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র করা হয়েছে। আমি ঋণখেলাপী নই, ঋণগ্রহীতা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি সদরে দলীয় কার্যালয়ে তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, আমি একজন ব্যবসায়ী। ২০১৮ সালের পর থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমাকে স্বাভাবিকভাবে ব্যবসা করতে দেয়নি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমার ব্যবসা ধ্বংসের চেষ্টা করা হয়েছে। এর ফলে শ্রমিকদের বেতন, গ্যাস ও বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এসব বিষয়ে শ্রম আইনে মামলা হতে পারতো। কিন্তু সেটি না করে আমাকে ঋণখেলাপী বানানোর অপচেষ্টা করা হচ্ছে। ব্যাংকে আমার ঋণ রয়েছে, এটা অস্বীকার করছি না। কিন্তু আমি ঋণখেলাপী নই।
তিনি অভিযোগ করেন, গত ১৫ দিন ধরে আমাকে ঋণখেলাপী অ্যাখ্যা দিয়ে আদালতের বারান্দায় ঘোরানো হচ্ছে। এটি স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা ও নির্বাচন থেকে সরানোর কৌশল। এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই কঠিন সময়ে বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে তৃণমূলের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা কোনো অর্থমূল্যে কেনা সম্ভব নয়।
এসময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।