নয়াপল্টনে শিশু নির্যাতন, শারমিন একাডেমির কর্মকর্তা পবিত্র গ্রেপ্তার
প্রতিকী ছবি
রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমিতে চার বছরের এক শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বিদ্যালয়টির অ্যাডমিন অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি পবিত্র কুমার বড়ুয়া (৪৭) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শারমিন জাহানের স্বামী।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর-৬ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তার পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে পাঠানো হয়েছে।
অন্য আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কর্তৃপক্ষ এতে অস্বীকৃতি জানায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, শিশুটিকে অফিসকক্ষে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হচ্ছে। ঘটনার পর শিশুটির মাথা, গলা ও কানে ব্যথা দেখা দিলে প্রথমে তাকে নয়াপল্টনের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।