কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় সেভেন ডিলাক্স নামের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় কৃষ্ণ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। তিনি মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ নিজের মোটরসাইকেল যোগে সকালে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশে রওনা দেন। এসময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।