কিশোরগঞ্জে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ২
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শনিবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিঠামইন উপজেলার মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) এবং মৃত আবদুল জব্বারের ছেলে নুর আলম (৫০)।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে মিঠামইন থেকে ১৫–২০ জন যাত্রী ও মানতের একটি গরু নিয়ে একটি পিকআপ ভ্যান বাজিতপুর উপজেলার একটি মাজারের উদ্দেশে রওনা দেয়। পথে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য আটজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি সোয়েব খান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।