মতের অমিলে সহিংসতা গ্রহণযোগ্য নয়: নওশাদ জমির
সংগৃহীত ছবি
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, মতামতের পার্থক্য থাকবেই, তবে সেই মতের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। শ্রদ্ধাবোধ না থাকলে রাজনীতি কিংবা সভ্য সমাজ গঠন সম্ভব নয়। মতের অমিলের কারণে কারও বাড়ি, গাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা কখনোই গ্রহণযোগ্য নয়।
রবিবার দুপুরে পঞ্চগড় কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে জেলার ধাক্কামাড়া এলাকার মনোয়ারা কনভেনশন সেন্টারে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নওশাদ জমির বলেন, পৃথিবীর সব দেশেই ভিন্নমত রয়েছে, কিন্তু সেই ভিন্নমত প্রকাশের একটি নিয়মতান্ত্রিক ও সভ্য উপায় আছে। শক্তি প্রয়োগ বা বেআইনিভাবে ক্ষতি করে নয়, বরং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতেই মত প্রকাশ করা উচিত।
সভায় কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতারা ওষুধ সংশ্লিষ্ট হাসপাতাল, ব্যবসায়ী, চিকিৎসক ও ক্লিনিকের বিভিন্ন সমস্যা এবং নিরাপত্তার বিষয় তুলে ধরেন। এ সময় পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নওশাদ জমির।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির ১ নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবু, সহসভাপতি মাহবুব আলমসহ জেলার তিন উপজেলা থেকে আগত প্রায় এক হাজার ওষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।