চট্টগ্রাম-১২; এলডিপিকে সমর্থন দিল জামায়াত
ফাইল ছবি
চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী এম. এয়াকুব আলীকে ছাতা প্রতীকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলম। গত শনিবার রাতে জামায়াতের নগর শাখার কার্যালয়ে আয়োজিত এক জরুরি দায়িত্বশীল সভায় এ ঘোষণা দেয়া হয়। জামায়াতের পটিয়া আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. ফরিদুল আলমের পক্ষে এ ঘোষণা দেন জরুরি সভার প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম,ফরিদুল আলম, পটিয়া উপজেলা আমীর জসিম উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানা আমীর মাস্টার নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাস্টার সেলিম উদ্দীন প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের প্রচার সম্পাদক অ্যাড. আবু নাসের বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-১২ আসনে এলডিপির প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম তার মনোনয়ন প্রত্যাহার করছেন। এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে।