বগুড়ায় পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন

বগুড়ায় পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ায় পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

রবিবার (২৫ জানুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে এ লক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বগুড়ায় পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে মোট ২৪ হাজার ৫৬৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ছাড়াও নির্বাচনী কাজে ব্যস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, পোস্টাল ব্যালট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ না রাখতে প্রতিটি ধাপ প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের সামনে সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্যালট বাক্সের নম্বর, সিল নম্বর ও লক নম্বর লিখিতভাবে সংরক্ষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন বা বিতর্কের সুযোগ না থাকে।

পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিমসহ বিভিন্ন প্রার্থীর নির্বাচনী এজেন্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসন এবং গণভোটে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেবেন মোট ২৪ হাজার ৫৬৯ জন ভোটার।

এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৩ হাজার ৮১৭ জন ভোটার। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮১৬ জন। বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে ৩ হাজার ৮১৭ জন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২ হাজার ৫২৭ জন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৩ হাজার ১৭৯ জন, বগুড়া-৬ (সদর) আসনে ৩ হাজার ৭৪৫ জন এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে সর্বাধিক ৪ হাজার ৬৩৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।