বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ থাকে: মনজুরুল ইসলাম
সংগৃহীত ছবি
বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে বলে দাবি করেছেন দিনাজপুর-১ আসনে দলটির প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার ক্ষমতা থাকা পর্যন্ত দেশের মানুষ নিরাপদ ছিল। আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত ও দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দিতে হবে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের বুলিয়া বাজারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মনজুরুল ইসলাম বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। আগামীতে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূলের পাশাপাশি এলাকার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
তারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
জনসভা শেষে মো. মনজুরুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের পাহাড়পুর, সাহাপুর, খন্তা, হাটিয়ারিসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।