সংখ্যালঘু শব্দে বিএনপি বিশ্বাস করে না, সবাই নিরাপদ থাকবে: শামা ওবায়েদ
সংগৃহীত ছবি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, সংখ্যালঘু শব্দে বিএনপি বিশ্বাস করে না। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার এলাকায় প্রত্যেক হিন্দু ভাই ও বোন নিরাপদ থাকবে। প্রত্যেক আলেম-ওলামা নিরাপদ থাকবে। সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে ভালো থাকবো।
রবিবার বিকেলে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত নগরকান্দা ও সালথা হবে। এই এলাকা দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা হবে।
শামা ওবায়েদ বলেন, দল, মত, ধর্ম, বর্ণের উর্ধ্বে আমরা এই এলাকার মানুষ। নির্বাচনের সাথে আমার সম্পর্ক নয়; আপনার সঙ্গে আমার সম্পর্ক হৃদয় ও মাটির সম্পর্ক। আমার পিতা, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এমপি কেএম ওবায়দুর রহমানের রক্ত আমার শরীরে প্রবাহিত। আমি তার পথ অনুসরণ করে সর্বদা আপনার পাশে থাকবো।
তিনি বলেন, আগামী নির্বাচনে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড থাকবে। আধুনিক মানের হাসপাতাল স্থাপন ও শিল্প কলকারখানা তৈরি করা হবে, যাতে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি সৈয়দ শাহীনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সালাম বেপারি, ইউনিয়ন যুবদল নেতা হাফিজ শরীফ, বিদ্যুত শরীফ প্রমুখ।