চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের হাব হিসেবে গড়ে উঠবে: আমীর খসরু

চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের হাব হিসেবে গড়ে উঠবে: আমীর খসরু

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দর ও সমুদ্র অঞ্চলকে আন্তর্জাতিক ট্রেডিং পোর্টে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বন্দর নিমতলা খালপাড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-১১ বন্দর আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরে নগরের নিমতলা খালপাড় হয়ে পূর্ব নিমতলা পশ্চিম নিমতলা হয়ে সিডিএ ৯ নম্বর ব্রিজ, রোহিঙ্গা পাড়া, হিন্দু পাড়া ৩ নম্বর ফকিরহাট পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

প্রচারণায় আমির খসরু ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির দেশ পরিচালনার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ব্যবসা-বাণিজ্যের হাব হিসেবে গড়ে উঠবে। এটিও শুধু বাংলাদেশের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ব্যবসায়িক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে।

অন্যদিকে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী মুরাদপুর এবং বারৈয়ারঢালা ইউনিয়নে গণসংযোগ করেছেন। প্রচারণায় আসলাম চৌধুুরী বলেন, বিএনপি দেশ সেবার সুযোগ পেলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিতে সীতাকুণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে হানাহানি কিংবা দলীয় পরিচয়কে প্রাধান্য না দিয়ে উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। তবে বাংলাদেশ বিরোধীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।