নারায়ণগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন: রিটার্নিং কর্মকর্তা
সংগৃহীত ছবি
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ যদি মনে করেন গত তিনটি নির্বাচনের পুনরাবৃত্তি হবে, তাহলে তারা ভুল ভাবছেন।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা তাদের সমর্থক যদি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা করে, তাহলে কঠোরহস্তে দমন করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি ও প্রচারণা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ প্রতিদ্বন্দ্বিতা করা ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট কানিজ ফাতেমা শান্তা।
এছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম চৌধুরী ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।