নৈশপ্রহরীকে বেঁধে রাইস মিলে ডাকাতি, ৬৩৩ বস্তা লুট
সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে একটি অটো রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে।
সোমবার ভোরে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
রাইস মিলের নৈশপ্রহরী হয়রত আলী জানান, ভোরে মিলের পেছন দিক দিয়ে ৮ থেকে ১০ জনের একটি দল ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখায় এবং হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে প্রধান ফটকের তালার চাবি নিয়ে গিয়ে গেট খুলে একটি ট্রাক ভেতরে ঢুকিয়ে চাল লুট করে নিয়ে যায়।
মিল সূত্রে জানা গেছে, লুট হওয়া চালের মধ্যে ব্যবসায়ী হেলাল মিয়ার ৪০২ বস্তা চাল রয়েছে। এ ছাড়া মাসুদ ও ফরিদের ৩৫ বস্তা, রবিউলের ১৮০ বস্তা, হুমায়ুনের ১২ বস্তা এবং মনজুর বেপারীর ৪ বস্তা চাল ডাকাতির শিকার হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, আইঙ্গন এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া চাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।