ভাঙ্গায় লুট হওয়া টাকা ও মালামালসহ ডাকাতদলের গ্রেফতার তিন
প্রতিকি ছবি
ফরিদপুরের ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে লুট হওয়া টাকা ও মালামালসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে তাদের দুইজনকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকা হতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ষোলঘর গ্রামের মো. ফারুক হোসেন (৩৮), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ভাঙ্গার মোড় জাহাপুর গ্রামের মো. শাহিন মাতুব্বর (২৭)।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। সোমবার রাতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা মহানগর এর জুরাইন এলাকা থেকে ডাকাতি করা গরুর ক্রেতা ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকা থেকে মো. মোবারক হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত দুটি মাহিন্দ্র ও পিকআপ উদ্ধার করা হয়। অভিযানে গরু বিক্রির নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়। ডাকাতি হওয়া গরুগুলোর মধ্যে দুটি ইতোমধ্যেই জবাই করে বিক্রি করা হয়েছে বলেও আসামিরা স্বীকার করে।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু জানান, গত ২০ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে পাবনা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি গরুসহ পিকআপ ভ্যান এক দল ডাকাত ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে গত ২৫ জানুয়ারি ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে তিনজন ডাকাতকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিধান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।