বরিশালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের হাতাহাতি
সংগৃহীত ছবি
বরিশালের গৌরনদীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ এনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মাহিলার বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দুই সংগঠনের নেতা একে অন্যের বিরুদ্ধে হামলা করে আহত করার অভিযোগ তুলেছেন।
আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্থা, সদস্য জাফর হাওলাদার ও তার ভাই বুলবুল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার, তার ভাই ওমর ফারুক সরদার ও মিরাজ সরদার।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল বলেন, মাহিলার বাজারে নিজেদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা গিয়ে কাউকে পাননি। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মীমাংসা করে দেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা অভিযোগ করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদারের বিরুদ্ধে বাজারের মুচি থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার বেপরোয়া আচরণের কারণে ধানের শীষ প্রতীকের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিষয়টি আমি উপজেলা বিএনপির নেতাদের অবহিত করেছি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার বলেন, ধানের শীষের প্রচার উপ-কমিটির সদস্য হওয়া সত্ত্বেও ছাত্রদল কর্মী জাফর স্বতন্ত্র প্রার্থীর (বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সোবহান) ফুটবলের হয়ে কাজ করছে এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে। বিষয়টি তার (জাফর) কাছে জিজ্ঞাসা করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি রয়েছি।