‘খালেদা জিয়া আমার প্রেরণা, উনার মতো হতে চাই’

‘খালেদা জিয়া আমার প্রেরণা, উনার মতো হতে চাই’

সংগ্রহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় পথে বাস থামিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলা স্কুলছাত্রী সাফওয়ান সিদ্দিকা রিয়ান মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের যে রক্তের বন্ধন, সে বন্ধনের টানেই তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। আজ তারেক রহমান আমার সঙ্গে কথা বলেছেন। এই অনুভূতিটার কোন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই অনুভূতি অসাধারণ।

সে বলে, তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা আমার পরিবার থেকেই এসেছে। আমি সম্পূর্ণ বিএনপি পরিবারের সন্তান। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমার বাবা, দাদা, আমার চাচা সকলেই বিএনপির প্রতি খুবই ডেডিকেটেড এবং তারা সারা জীবনই বিএনপির জন্য কাজ করে গেছেন। সেখান থেকে আমি ইন্সপায়ার্ড হই।

আমার খুব ইচ্ছা ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার। কিন্তু আল্লাহ যেহেতু তাকে পৃথিবীতে রাখেন নাই, সেহেতু তার পরবর্তীতে তারেক রহমানই আমার সবচেয়ে বড় আইডল।

সাফওয়ান সিদ্দিকা আরো বলে, আমার জীবনে সবচাইতে বড় প্রেরণা জাগিয়েছে আমার পরিবার, তারপর জাতীয় জীবনে বেগম খালেদা জিয়া। আমি চাই তার মতো হতে।

উল্লেখ্য, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে বিশেষ বাসে ফিরছিলেন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ফেরার পথে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় তারেক রহমানের গাড়িবহর থামানোর ইশারা দেন এক স্কুলছাত্রী। তার ইশারা দেখে বাস থামিয়ে কথা বলেন তারেক রহমান।