বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের নামুইট-সিমলা সড়কে এ ঘটনা ঘটে।

মৃত নেহাল (১৭) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে এবং লিমন (১৭) নাটোরের বাগাতিপাড়া আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রামের একটি স্কুলের শিক্ষার্থী। চলতি বছরে তারা দুজনই এসএসসি পরীক্ষা দিবেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নেহালের পরিবারের বাড়ি নাটোরে হলেও ছোটবেলা থেকেই তিনি নন্দীগ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তার স্কুলে বিদায় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের কাজ শেষ করে মোটরসাইকেলে করে নেহাল ও লিমন বাড়ির উদ্দেশে রওনা দেন।

নামুইট-সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় আসার পর কালিগঞ্জ দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে এই দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অকালেই ঝরে যাওয়া দুই তরুণের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চলছে শোক আর কান্না।