নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার স্থানীয় চিহ্নিত মাদক কারবারিরা শিপন (৩০) নামের এক ব্যবসায়ী কুপিয়ে নগদ ৩ লাখ টাকা, স্বর্ণের আংটি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ স্বজনদের। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে দৌলতপুর শহিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিপন উপজেলার দৌলতপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিপনের মা কোহিনুর বেগম ঢামেক হাসপাতালে এসব তথ্য জানিয়েছেন।
কোহিনুর বেগম জানান, শিপন পেশায় ব্যবসায়ী। তিনি রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ফতুল্লা থানাধীন দৌলতপুর ব্রিজের অদূরে শহিদনগর এলাকায় পৌঁছালে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ইব্রাহিমসহ ৫/৬ জন তার পথরোধ করে। এসময় তারা শিপনকে কুপিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে যায়।
তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ও তার হাতের স্বর্ণের আংটি ও তার মোটরসাইকেলটি নিয়ে যায় হামলাকারীরা। শিপনের ব্যাগে ৩ লাখ টাকা ছিল বলে জানান তিনি।
সংবাদ পেয়ে সেখান থেকে শিপনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, গুরুতর আহত শিপন জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।