হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্তে কমিটি

হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্তে কমিটি

ফাইল ছবি

জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে একটি হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারাগারের বাইরে সংশ্লিষ্ট কোনো দপ্তরকে জানানো হয়নি। পরে ঘটনা তদন্তে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দি ছিলেন।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি ‘ভুল মুক্তি’। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভুলবশত ওই তিন আসামিকে ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা হিসেবে ধরে নিয়ে আসামিদের মুক্তি দেওয়া হয়। গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকলে বা ভিন্ন কোনো উদ্দেশ্য প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত হওয়া ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ বলেন, অসতর্কতাবশত এ ঘটনা ঘটেছে।

এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি অফিসিয়ালি পুলিশকে জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে জানানো হলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।