খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই পালিয়ে গেলেন শামীম ওসমান: মান্নান
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জে দীর্ঘদিন আতঙ্কের সৃষ্টি করেছেন তিনি এবং তাই তাকে গডফাদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের সাথে মোকাবিলা করুন, সাধারণ জনগণ আপনাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, এলাকার একজন সাবেক সংসদ সদস্য (গিয়াসউদ্দিন), যিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন, ভোটারদের বিভ্রান্ত করছে। আমি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ বা ভূমিদস্যু থাকবে না। এছাড়া একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীদের ঢাকায় যেতে না হয়।
সভায় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সিদ্ধিরগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সরকার, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসরাফিল প্রধানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।