মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ফাইল ছবি
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ১১ শাবান, ৩০ জানুয়ারি) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। তিনি প্রায় এক দশক যাবত মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন।
শায়খ বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মসজিদে নববি
মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কায় বড় হয়েছেন। এখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয়েছিল। তার বংশ ওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কিত।
তিনি অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। এরপর তিনি ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়নের জন্য আল-আরকাম ইনস্টিটিউটে যোগদান করেন। তিনি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হন। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাকে মসজিদে হারামে ইমাম নিযুক্ত করা হয়। তিনি চার বছর ধরে মসজিদে হারামে নামাজের ইমামতি করেন। ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।
সূত্র: ইনসাইড দ্য হারামাই