নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা, ককটেলসহ আটক ২
প্রতিকি ছবি
কুষ্টিয়ার খোকসা রেলস্টেশনের পশ্চিম পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ককটেল তৈরির সময় তিনটি তাজা ককটেল ও বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা রেলস্টেশনের পশ্চিমে রেললাইনের পাশে ফারুকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে কয়েকজন যুবক ককটেল তৈরি করছিল বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল থেকে ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত হাসান (৩৫) উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে এবং রাজীব (৪০) রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে সদ্য তৈরি তিনটি তাজা ককটেল, ককটেল তৈরির লাল টেপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদ্য তৈরি ককটেল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসান ও রাজীবের নামে একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।