ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
ঝিনাইদহের হরিনাকুন্ডু মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ইয়ামিন হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে বিকেল ৩টার দিকে তোফি বিশ্বাসের পুকুরে এ ঘটনা ঘটে।ইয়ামিন হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে।
ইয়ামিনের মামা আবুল হোসেন জানান, কয়েকদিন আগে ভাগ্নে আমাদের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের পর ইয়ামিন নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরের পানির উপর ইয়ামিনের মরদেহ ভেসে ওঠে। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।