চট্টগ্রামে কারাগারে হাজতির মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে কারা সূত্রে জানা গেছে।
আব্দুর রহমান নগরীর ২৪নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগ সহ-সভাপতি ছিলেন এবং উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান কোতয়ালী থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪৯ (০৯)২৪ নং মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। গত বছরের ১৭ নভেম্বর কারাগারে প্রবেশ করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর ২০২৫ সালে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর ১৮ জানুয়ারি ২০২৬ সালে তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী তার শরীরে ফুসফুসের ক্যান্সার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া রোগ শনাক্ত হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি ২০২৬ সালে তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।