সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও চোর চক্রের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক। 

এর আগে, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মোঃ সাইফুল ইসলাম (৩০), আব্দুল রাজি (২৭), মোঃ হিরণ (২৫), শ্যামল (২৭), শিপন মিয়া (৩৮), মোঃ রাহাত (২০) এবং মোসাঃ নাজনীন (৩৫)। আটক আসামিদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে এসে নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিল।

পুলিশ জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে ৬৫টি ইয়াবা ট্যাবলেট, ৪০ পুড়িয়া হেরোইন, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩৯,০০০ টাকা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা ছিল।

একই সময়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার তালতলার শাহী মসজিদ সংলগ্ন এলাকা থেকে চুরির দায়ে ০৪ জন তরুণকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ইয়াসিন (১৮), মোঃ মাফুজ (১৮), মোঃ সাকিবুল হাসান (১৬) এবং আসাদুল ইসলাম শান্ত (১৮)। এদের বেশিরভাগই অন্যান্য জেলা থেকে এসে পাইনাদি নতুন মহল্লা এলাকায় অবস্থান করছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, "গ্রেপ্তারকৃতদের অনেকেই পূর্বে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে  আদালতে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে