রাজধানী যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় ঝুলছিল স্কুলছাত্রের মরদেহ
ফাইল ছবি
রাজধানী যাত্রাবাড়ীতে একটি ভাড়া বাসায় এক স্কুলছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
ওই স্কুলছাত্রের নাম মো. রনি (১২)। সে নোয়াখালী চাটখিল শিবপুর গ্রামের চা দোকানদার নুর আলমের ছেলে।
বর্তমানে সে যাত্রাবাড়ীতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। সে স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
রনির খালা নাজমা আক্তার জানিয়েছেন, লেখাপড়া নিয়ে চাপ দেওয়ায় রাতে অভিমান করে সবার অগোচরে বাথরুমের লোহা রডের সঙ্গে গলায় গামছা প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
পরে দরজা ভেঙে সেখান উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।