পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক নববধূ। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাক্তার মো. আয়ুব চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নববধূর নাম তাহসিন আহমেদ ফারহা (১৭)। তিনি কলেজপাড়া এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী শামীম চৌধুরীর মেয়ে। প্রায় তিন মাস আগে তার বিয়ে হয় আখাউড়া উপজেলার ধাতুর পহেলা গ্রামের আব্বাস মিয়ার ছেলে সখিন মিয়া (২৪) এর সঙ্গে।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, বিয়ের পর থেকেই স্বামী সখিন মিয়া নানা অজুহাতে ফারহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ বিষয়ে একাধিকবার পারিবারিকভাবে জানানো হলেও কোনো পরিবর্তন হয়নি। এক পর্যায়ে গত ১৮ জানুয়ারী ফারহা বাবার বাড়িতে চলে আসেন।
নিহতের মা উম্মে হাবীবা রোমা বলেন, আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল। আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমি এই হত্যার বিচার চাই।
আখাউড়া থানার ওসি তদন্ত তানভীর জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে