জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষার কোড ৪৩০১ এবং প্রতিদিনের পরীক্ষা বেলা দেড়টায় শুরু হবে। পরীক্ষার সময়কাল সংশ্লিষ্ট প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ডাউনলোড করে প্রিন্টের মাধ্যমে পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
এছাড়া ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিবরণীর একটি কপি পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
কেন্দ্র পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরীক্ষা শুরুর তিন দিন আগে জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০ টাকা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজন হলে কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।