কুড়িগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ছবিঃ সংগৃহীত।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযানে গবাদি পশুসহ বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক।
বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সীমান্তে কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ২৯ লাখ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, কসমেটিকস, ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের অপতৎপরতা রোধে এ অভিযান পরিচালনা করা হয়, যা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানের সুস্পষ্ট প্রতিফলন।
এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক বলেন, সীমান্তে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।