এবারের সংসদ নির্বাচন হবে সংস্কার ও পরিবর্তনের: মামুনুল হক
ফাইল ছবি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন।
তিনি আরও বলেন, এ নির্বাচন হবে সংস্কারের নির্বাচন, পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন।
সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে মাদারীপুর-২ আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায্য জীবনের অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন সেই বঞ্চনার অবসান ঘটানোর সুযোগ। ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান।
এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মোকলেছুর রহমান, সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।