কাপাসিয়ায় কৃষক দলের সাবেক নেতা হেলাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কাপাসিয়ায় কৃষক দলের সাবেক নেতা হেলাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তের হামলায় কৃষক দলের সাবেক নেতা হেলাল উদ্দিনকে (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামি জাহিদ হাসানকে (২২) গ্রেফতার করেছেন র‌্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। সোমবার পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানার হানিফ ব্যাপারীকান্দি এলাকা থেকে জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদ কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া গ্রামের জসিম উদ্দিন পালোয়ানের ছেলে।

নিহত হেলাল উদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৮টার দিকে হেলাল উদ্দিন কোটবাজালিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আসামি জাহিদ হাসানসহ তার ৩/৪ সহযোগী হেলালকে স্থানীয় মাহবুব আলমের লিচুবাগানের সামনে রাস্তার ওপর তার পথরোধ করে। পরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। হেলাল উদ্দিনের চিৎকার শুনে স্ত্রী রোজিফা খাতুনসহ স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থা আশঙ্কাজনক হলে রাজধানীর ধানমন্ডি সুপারম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৮ মাদারীপুরের সহযোগিতায় শরীয়তপুর থেকে জাহিদ হাসানকে গ্রেফতার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, হেলাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিকে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।