টেকনাফে সিমেন্ট বোঝাই ট্রলারসহ ১০ পাচারকারী আটক
প্রতিকি ছবি
মিয়ানমারে পাচারকালে টেকনাফ সংলগ্ন সাগর থেকে সিমেন্ট বোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। একই সঙ্গে ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্টগার্ড সূত্র জানায়, মঙ্গলবার বিকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় তিন লাখ ৮৫ হাজার টাকার ৭০০ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত মাছ ধরার ট্রলারসহ ১০ জনকে আটক করা হয়েছে।
সিয়াম-উল-হক জানান, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।