টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত পাঁচ

টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত পাঁচ

সংগ্রহীত ছবি

কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে ব্যবহৃত একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন আলীখালী ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশিরা হলেন হ্নীলা আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) ও নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচের আয়োজন চলছিল। এসময় উৎসুক লোকজন গাড়িটির আশপাশে ভিড় করলে হঠাৎ করে অজ্ঞাতনামা একদল ব্যক্তি পাশ থেকে গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই ৫ জন গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

কারা এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এসময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। তবে হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।