চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে প্রাপ্তবয়স্করাও হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে প্রাপ্তবয়স্করাও হাসপাতালে

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জে শুধু শিশুরাই নয়, হামের উপসর্গ দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিচ্ছেন তারা। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের অর্ধেকের বেশির বয়স ৯ মাসের নিচে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২১ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিচ্ছে ৬৪ জন। এ নিয়ে ১ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৭৩৫ জন। 

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে এখন প্রাপ্ত বয়স্করাও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা এতদিন প্রাপ্তবয়স্কদের হামের ঝুঁকি থেকে বাইরে রেখেছিলাম। কিন্তু কয়েকদিনে হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় আট শতাংশ প্রাপ্তবয়স্ক। 

তিনি আরও বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হচ্ছে- হাম এখন আর তার প্যাটার্ন ফলো করছে না। সব ধরনের মানুষকে কমবেশি আক্রান্ত করছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের ৫২ শতাংশের বয়স ৯ মাসের নিচে। ফলে এখনো তারা টিকা কার্যক্রমের আওতায় আসেনি। এসব শিশুরাই বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।  

মোহাম্মদ মশিউর রহমান বলেন, জেলার সব উপজেলা থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী আসছে হাসপাতালে। তবে সবচেয়ে বেশি রোগী আসছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে।