বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী পথসভা
সংগৃহীত ছবি
বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী পথসভা করা হয়েছে। শুক্রবার বিকেলে সদরের সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরগোলা বাজারে এ পথসভা করা হয়।
সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন প্রমুখ। পথসভায় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার শত শত নারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ধানের শীষের বিকল্প নেই। জনগণের আশা-ভরসার প্রতীক হচ্ছে ধানের শীষ।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষি কার্ড প্রদানের মাধ্যমে দেশের মানুষদের সহযোগিতা করা হবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। এজন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধানের শীষই জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক। ইনশাআল্লাহ আপনাদের ঐক্যবদ্ধ রায়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।