মাদারীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ১৫ নেতার পদ সাময়িক স্থগিত
ফাইল ছবি
বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ও নির্বাচনকালীন কার্যকারিতা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের ১৫ জন গুরুত্বপূর্ণ নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা কার্যালয়, প্রধান সড়ক থানতলী, মাদারীপুরে অনুষ্ঠিত জেলা মাসিক নির্বাহী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি মাওলানা লোকমান হোসেন এবং পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবাহান খান।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনার আলোকে নির্বাচনকালীন দায়িত্ব পালনে ব্যর্থতা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয় বলে সভাসূত্রে জানা গেছে।
পদ সাময়িকভাবে স্থগিত হওয়া নেতারা হলেন— জেলা সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরী, শিবচর উপজেলা সভাপতি মাওলানা শাহআলম তালুকদার, জেলা সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও মুফতী উসামা খান মাদানী, মাওলানা ইমরান হোসাইন খান, মাওলানা মুহাম্মাদুল্লাহ ফাহমি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল খান, মাওলানা মারুফ বিল্লাহ সাক্বাফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবীব, সহ দপ্তর সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতী ইমরান কাজী, জেলা নির্বাহী সদস্য মুফতী সরোয়ার হোসাইন, রাজৈর উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, রাজৈর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা অহিদুজ্জামান এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ।
এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলা সভাপতির শূন্য পদে মাওলানা লোকমান হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে।