ফরিদপুর-৪ আসনে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলেন রিকশার প্রার্থী

ফরিদপুর-৪ আসনে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলেন রিকশার প্রার্থী

ফাইল ছবি

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা সারোয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। 

১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিষয়টি উন্মুক্ত রাখা হয়। এতে করে দুই প্রার্থীই তাদের প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালান। এর আগে গত ২ ফেব্রুয়ারি রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের পক্ষে ভাঙ্গায় এক নির্বচনী সমাবেশে ভোট চান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

এ ব্যাপারে ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন দিয়ে জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবো।

ফরিদপুর-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান আমার কাছের মানুষ, অত্যন্ত স্নেহের ছোটো ভাই। তিনি বড় মনের পরিচয় দিয়েছেন। ১১ দলীয় জোটকে শক্তিশালী করতে তিনি নিজের নির্বাচনী কার্যক্রম থেকে সরে গিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন জানিয়েছেন। 

বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন সমন্বয় কমিটির সিদ্ধান্ত ও বাংলাদেশ খেলাফত মজলিসে কেন্দ্রীয় কমিটির সুপারিশে আমাদের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা জামায়াতের প্রার্থী মাওলানা সারোয়ার হোসেনকে সমর্থক দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন।