যাত্রাবাড়িতে ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, শ্রমিক আহত

যাত্রাবাড়িতে ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, শ্রমিক আহত

প্রতিকি ছবি

রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন কোনাপাড়া এলাকায় ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কোনাবাড়ি মিনি কক্সবাজার সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকের নাম মোহাম্মদ আজিম পাইক (২৭)। তিনি যাত্রাবাড়ি কোনাপাড়ার জোসনা ডেইলি ফার্মে কর্মরত। আহত আজিম বাগেরহাট সদর উপজেলার বিশাদগাতি গ্রামের আনোয়ার পাইকের ছেলে। বর্তমানে তিনি কর্মস্থল সংলগ্ন এলাকায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শী ও ফার্ম কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে কাচি দিয়ে ঘাস কাটছিলেন আজিম। এ সময় বাম হাত দিয়ে ঘাস ধরে ডান হাতে কাচি চালানোর মুহূর্তে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাত ও বাম হাঁটুর উপরের অংশে স্প্লিন্টার (স্পেন্ডার) লেগে গুরুতর জখম হন তিনি এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

বিস্ফোরণের পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহত শ্রমিক বর্তমানে বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, আহতের অবস্থা আশঙ্কাজনক নয়।

ফার্মের মালিক শফিকুল ইসলাম ছাদেক জানান, মাঠে আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় ককটেলটি পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিস্ফোরণের উৎস ও ককটেলটি কারা রেখে গেছে তা খতিয়ে দেখছে বলে জানা গেছে।