নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

প্রতিকী ছবি

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁয় এক নারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে নওগাঁয় কোথায় তার বাড়ি এখনো জানা যায়নি। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই মৃত রোগী ৪০ থেকে ৫০ বছর বয়সী এক নারী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে এবং ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়।

পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ‘আজকে আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে লিখিতভাবে এখনো বিষয়টি জানানো হয়নি।

 

লিখিতভাবে জানানোর পরই ওই রোগীর বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানাতে পারব। তবে আক্রান্ত ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না বলে পারিবারিক সূত্র জানা গেছে। তবে তিনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন।’