ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূর গণসংযোগ

ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূর গণসংযোগ

সংগৃহীত ছবি

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী নাঈমা খন্দকার। এতে নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণের সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোর থেকেই তিনি তার নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়ছেন।

এরই মধ্যে গত কয়েক দিনে দাউদকান্দির কাজীরকোনা, দৌলদ্দি, গয়েশপুর, মুদাফফরদি, উত্তর গাজীপুর ও দক্ষিণ গাজীপুর, দোনারচর, নাগেরকান্দি,গৌরীপুর, ইলিয়টগঞ্জ এবং মোহাম্মদপুরসহ দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।

নাঈমা খন্দকার জানান, ধানের শীষের পক্ষে এবার ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। 

তিনি বলেন, অতীতে মন্ত্রী ও এমপি থাকতে ড. খন্দকার মোশাররফ হোসেন এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অবকাঠাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। আশা করি উন্নয়নের স্বার্থে ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবারও ধানের শীষের পক্ষে রায় দেবেন।